Saturday, February 22, 2014

Home » » বিতর্কিত কবিতা প্রকাশ করায় সম্পাদকের জেল

বিতর্কিত কবিতা প্রকাশ করায় সম্পাদকের জেল

রাজশাহীর গোদাগাড়ীতে বিতর্কিত কবিতা প্রকাশের অভিযোগে ‘খেয়া’ নামের লিটল ম্যাগাজিনের সম্পাদক তিতুমীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরের পর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হোসেন এ দণ্ডাদেশ দেন।

তিতুমীর ওই উপজেলার পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত। এ ঘটনায় ওই পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোদাগাড়ী থানা পুলিশের একটি দল দুপুরের দিকে তাকে উপজেলার পিরিজপুর এলাকার নিজ বাড়ি থেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে নিলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হোসেন ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অভিযোগে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


ওসি আরো বলেন, উপজেলার ভাটোপাড়া সাহিত্য ধারার প্রকাশনায় ও তিতুমীর সম্পাদিত খেয়া নামের ওই  লিটল  ম্যাগাজিনে নিখিল নওশাদ নামের এক কবির ‘আব্বাকে নিয়ে লেখা এ আমার দ্বিতীয় কবিতা’ শিরোনামে একটি অশ্লীল কবিতা প্রকাশিত হয়।

পরে ওই লিটন ম্যাগাজিনটি শুক্রবার একুশে ফেব্রুয়ারি উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত বই মেলায় প্রদর্শন করা হয়। এরপর বিষয়টি পাঠকদের নজরে আসলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠে। সেই সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করে।

পরে মেলা থেকে বিতর্কিত ওই কবিতার বইটি প্রত্যাহার করে নেয় সাহিত্য ধারা। এছাড়া এ ঘটনায় সকলের কাছে ক্ষমা প্রর্থনা করেন সাহিত্য ধারার সভাপতি জুলফিকার আলী।
Share this article :

Post a Comment